June 12, 2026

দেশের বিভিন্ন জেলায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প 

সিলেট ও ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। চার দিনের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বার দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হলো।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বার্তায় জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ মাত্রার। এটি ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প।

এর উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন কেন্দ্র থেকে এই উৎপত্তিস্থলের দূরত্ব ছিল উত্তর-পূর্ব দিকে প্রায় ২৯০ কিলোমিটার।

ইউরোপীয়-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়, যা বাংলাদেশের সিলেট সীমান্তের কাছাকাছি।

এর আগে গত রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটে রাজধানী ঢাকা, রংপুর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, কুষ্টিয়া, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, বগুড়া, শেরপুরসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পের উৎপত্তি ছিল ভুটানের পশ্চিমাঞ্চলীয় শহর পুনাখার ১৫ কিলোমিটার পশ্চিম উত্তর–পশ্চিমে। ঢাকা থেকে এর দূরত্ব ৪৩২ কিলোমিটার। তীব্রতা ছিল ৫ দশমিক ৬ মাত্রা। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *