প্যারিসে বিটিএসের কনসার্টে শ্রোতার ঢল
প্যারিসে দুই দিনের কনসার্টে রেকর্ড গড়েছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। সম্প্রতি মোট ৯২ হাজার দর্শকের উপস্থিতিতে ফ্রান্সের স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে হয়ে গেল জমজমাট কনসার্ট।
কনসার্টে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁ। প্যারিসের এই আয়োজন ছিল বিটিএসের ‘আরিরাং’ বিশ্ব সফরের ইউরোপ পর্বের সমাপনী অনুষ্ঠান। চলতি বছরের মার্চে একই নামে অ্যালবাম প্রকাশের পর শুরু হয় এই বিশ্ব সফর।
২০১৯ সালের পর এই প্রথম প্যারিসে কনসার্ট করল বিটিএস। অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামের আশপাশে জড়ো হন হাজারও ভক্ত। ব্যান্ডটির প্রতীকী রঙের পোশাক, ব্যাগ ও বিভিন্ন অনুষঙ্গ নিয়ে তারা অপেক্ষা করেন। অনেক ভক্ত নিজেদের তৈরি ব্রেসলেট ও কি-রিং অন্যদের উপহার দিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।
কনসার্টের সূচনা হয় ‘হুলিগান’ গান দিয়ে। এরপর পর্যায়ক্রমে পরিবেশিত হয় ‘নট টুডে’, ‘আইডল’, ‘বাটার’, ‘ডায়নামাইট’ সহ ব্যান্ডটির জনপ্রিয় সব গান। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তরুণ-তরুণীদের পাশাপাশি ৫০ বছরের বেশি বয়সী ভক্তরাও সমান তালে উপভোগ করেন কনসার্ট।
