July 21, 2026

সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম। গত ১৫ জুলাই ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠককে দুই দেশের নিরাপত্তা ও কৌশলগত সম্পর্কের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। যদিও বৈঠকটি নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলাম ১৬ জুলাই অনুষ্ঠিত বিমসটেকভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম সম্মেলনে অংশ নিতে ভারত সফর করেন। সম্মেলনে সন্ত্রাসবাদ দমন, আন্তর্দেশীয় সংগঠিত অপরাধ, সাইবার নিরাপত্তা, মানব পাচার, সামুদ্রিক নিরাপত্তা এবং গোয়েন্দা তথ্য বিনিময়সহ আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্মেলনের আগে অজিত দোভাল বাংলাদেশের প্রতিনিধির পাশাপাশি থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও মিয়ানমারের জাতীয় নিরাপত্তা প্রতিনিধিদের সঙ্গেও পৃথক বৈঠক করেন। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর এবং আঞ্চলিক ভূরাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সংলাপের গুরুত্ব আরও বেড়েছে।

পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ধারাবাহিক বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে, রাজনৈতিক মতপার্থক্য ও দ্বিপক্ষীয় কিছু অমীমাংসিত ইস্যু থাকা সত্ত্বেও নিরাপত্তা ও কৌশলগত যোগাযোগের ধারাবাহিকতা বজায় রাখতে উভয় দেশই আগ্রহী। এই সংলাপ ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *