পরিবেশ রক্ষাই প্রধান কার্য
যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। পাশাপাশি বদলাচ্ছে পরিবেশও। পরিবেশ রক্ষা কোনো বিলাসিতা নয়; বরং জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
পরিবেশমন্ত্রী বলেন, এমন কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে আমরা আজ সম্মানিত করলাম, যারা সংবাদপত্রে আসেন না। অথচ তাদের জন্য প্রকৃতি রক্ষা পায়, পরিবেশ রক্ষা পায়, নদী তার গতিপথ ফিরে পায়। একটি জাতি তখনই এগিয়ে যায়, যখন সে তার নীরব নায়কদের চিনতে পারে। সরকারের যতটুকু কাজ করার কথা, ততটুকু করতে পারব কি-না সেটা সন্দিহান। তবে প্রধানমন্ত্রী আমার ওপর ভরসা করেছেন।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ন্যাচারাল কারণেই বেশি হয়েছে। তবে শিল্প বিপ্লবের পরে প্রাকৃতিক কারণের বাইরে মানুষের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। গ্রিনহাউস গ্যাস ন্যাচারালই উৎপন্ন হলেও প্রাকৃতিক কারণ ছাড়া এর আধিক্য হয়েছে। এখন শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত কাজ না করলে ভবিষ্যৎ প্রজন্মের জীবনধারণের ক্ষমতা কমে যাবে। জলবায়ু পরিবর্তনের প্রসেস মানুষ যেন কমাতে পারে, এর বিরূপ প্রভাব মানুষ যাতে কমাতে পারে– সেটাই কাম্য।
