রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
এদিকে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মতে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
অন্যদিকে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
