আগামী সপ্তাহে প্রকাশিত হবে পরিক্ষার ফল
জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ। এই বৃত্তির ফল প্রকাশের সিদ্ধান্ত থাকলেও সেই অবস্থান থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
তবে সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই এই ফলাফল প্রকাশ করা হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহীনা ফেরদৌসী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন বা নোটিশের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে।’
প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, এবারের বৃত্তি পরীক্ষায় সারা দেশের মোট ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি বিদ্যালয় থেকে অংশ নিয়েছে প্রায় ৯০ হাজার শিক্ষার্থী।
