July 29, 2026

সরোয়ারের এমপি পদ বহাল, বাতিল জামায়াতের আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বুধবার এ আদেশ দেন। একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন আবেদনটি করেছিলেন। এতে সরোয়ারকে সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত রাখার আবেদনও ছিল।

আদালতের আদেশের পর সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আহসানুল করিম। তিনি জানান, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ায় স্থগিতাদেশ চেয়ে করা আবেদনটি আর কার্যকর নেই। তবে আবেদনকারী চাইলে আপিলের অনুমতি চেয়ে আবেদন করতে পারেন।

সূত্রের খবর, ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন সরোয়ারের মনোনয়নপত্র বাতিল করেছিল। পরে তিনি হাইকোর্টে রিট করলে আদালত তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন। নির্বাচনের পর ৯ জুলাই হাইকোর্ট ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে সরোয়ারের প্রার্থিতা বৈধ করেন। এরপর তাঁকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ এবং সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের সুযোগ দেওয়া হয়।

এর বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে আবেদন করেন। তবে বুধবার আপিল বিভাগ আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ায় সরোয়ারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপাতত কোনো আইনি বাধা থাকছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *