July 29, 2026

স্থায়ী ভবনহীন স্কুল, দুর্ভোগে শিক্ষার্থীরা

তিনটি শ্রেণিকক্ষে চলছে ২ শতাধিক শিক্ষার্থীর পাঠদান। বর্ষায় পানি ঢুকে এসব কক্ষও অনেক সময় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এমনই দুরবস্থায় রয়েছে চট্টগ্রাম নগরের চান্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১৯৯৫ সালে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ করা হলেও এখনও নির্মিত হয়নি স্থায়ী ভবন। আধা পাকা ভবনের চারটি কক্ষের মধ্যে তিনটিতে চলছে ক্লাস। বিদ্যালয়ের একপাশে থাকা পুকুরের পানি বাড়লে সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষে পানি ঢুকে যায়।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সম্প্রতি টানা বৃষ্টির পর কয়েক দিন শ্রেণিকক্ষ পানিতে ডুবে ছিল। পানি সরে গেলেও মেঝে শুকায়নি। পাশাপাশি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত মিলনায়তনে আগাছা জন্মেছে, ফলে মশা-মাছির উপদ্রব বেড়েছে। বাধ্য হয়ে দিনের বেলাতেও শ্রেণিকক্ষে মশার কয়েল জ্বালাতে হয়।

বিদ্যালয়টিতে বর্তমানে ২১৫ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক রয়েছেন। অনুমোদিত ছয়টি শিক্ষক পদের মধ্যে একটি পদ শূন্য রয়েছে। নেই খেলার মাঠ, ওয়াশ ব্লক ও শহীদ মিনার।

প্রধান শিক্ষক কৃষ্ণা প্রভা দেবী বলেন, স্থায়ী ভবনের জন্য একাধিকবার আবেদন করা হলেও এখনও কোনো ব্যবস্থা হয়নি। স্থানীয় বাসিন্দারাও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *