August 7, 2026

দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সামনে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

পলাতক ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়ায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীর দিনে এমন একটি অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞা এবং শহীদদের স্মৃতির প্রতি চরম অপমান। নয়াদিল্লিতে বসে শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেছেন, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করবে বলে জানিয়েছে ঢাকা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগেই এ ধরনের জনসভার সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে ভারতীয় পক্ষকে সতর্ক করা হয়েছিল। তা সত্ত্বেও দিল্লির মাটিতে এই আয়োজনের সুযোগ দেওয়ায় তা এ দেশের জনগণের অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। ১৯৭৩ সালের বন্দী বিনিময় চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত পাঠানোর বারবার অনুরোধ জানানো হলেও ভারত সরকার এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি, যা সুসম্পর্ক বজায় রাখার পথে বড় অন্তরায় বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *