তীব্র গ্যাস-সংকটে বন্ধ মেঘনা গ্রুপের ১২টি কারখানা, বাজারে নিত্যপণ্যের সরবরাহ ঘাটতির আশঙ্কা
নারায়ণগঞ্জে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চিনি, গম, সয়াবিনবীজ ও অপরিশোধিত ভোজ্যতেলসহ নিত্যপণ্য প্রক্রিয়াজাতকরণের ১২টি কারখানায় গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তীব্র গ্যাস-সংকটের কারণে বুধবার থেকে একে একে সয়াবিন বীজ মাড়াই, তেল উৎপাদন এবং আটা-ময়দ প্রস্তুতকারী কারখানাগুলোর উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। উল্লেখ্য, এনবিআরের তথ্য অনুযায়ী সদ্যবিদায়ী অর্থবছরে আমদানি করা প্রধান সাত নিত্যপণ্য ও কাঁচামালের ২২ শতাংশই এককভাবে প্রক্রিয়াজাত করেছে এমজিআই, যার পরিমাণ বছরে প্রায় ৩৩ লাখ টন। এমজিআইয়ের চেয়ারম্যান মোস্তফা কামাল জানিয়েছেন, গ্যাসের অভাবে গ্যাসনির্ভর সব কারখানার কার্যক্রম থমকে গেছে, যা দীর্ঘায়িত হলে কাঁচামাল থাকা সত্ত্বেও বাজারে প্রস্তুত পণ্যের সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। দেশে দিনে গড়ে ৪২ হাজার টনের বেশি আমদানিকৃত অপরিশোধিত পণ্য কারখানায় প্রক্রিয়াজাত হয়ে বাজারে আসে; ফলে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এসব শিল্পকারখানায় জরুরি ভিত্তিতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
