August 25, 2026

প্রবল ঢেউয়ে ট্রলারডুবি, পাঁচ জেলের সন্ধানে উদ্ধার অভিযান

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলেসহ এফবি বরকত নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় আট জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে সাগরের গভীরে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর রাত সাড়ে ১০টার দিকে অন্য একটি ট্রলার আট জেলেকে উদ্ধার করে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এফবি বরকত ১৩ জেলেকে নিয়ে শুক্রবার মাছ ধরতে সাগরে যায়। নিখোঁজ জেলেদের মধ্যে মো. বেলাল, মো. নুর আলম ও মো. ইব্রাহিমের নাম জানা গেছে। তাদের উদ্ধারে এফবি জহুরা খাতুন নামে একটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালও পাঁচ জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *