গাড়ির ফিটনেস-ট্যাক্স-রুট পারমিট নবায়নে সময় বাড়াল সরকার
জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি পরিশোধ করে জরিমানা ছাড়া মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা শেষবারের মতো ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র ও লাইসেন্স নবায়ন করতে না পারা ব্যক্তি ও প্রতিষ্ঠান নতুন করে সুযোগ পেলেন। আগামী ২৯ অক্টোবরের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে সংশ্লিষ্ট কাগজপত্র হালনাগাদ করা যাবে। সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে এ সুযোগ কাজে নিয়ে মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের আহ্বান জানানো হয়েছে।
