মা*দক নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে খু*নের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে
কুমিল্লার বুড়িচংয়ে জাকির হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই ভাইয়ের বিরুদ্ধে। পারিবারিক কলহ ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে তাঁর বড় ভাই মো. শাকিল (৩২) ও সহযোগীরা তাঁকে মারধর করেন বলে স্থানীয় সূত্রে খবর।
মঙ্গলবার দুপুরে উপজেলার কাকিয়ারচর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে জাকির অচেতন হয়ে পড়লেও তাঁকে হাসপাতালে নেওয়া হয়নি। পরে লাশ গোপন রাখার চেষ্টা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাতে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জাকিরের মরদেহ উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুরেজীত বড়ুয়া বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
