বগুড়ায় ইন্টার্নদের কর্মবিরতি, রোগী ও স্বজনদের বি*ক্ষোভ
ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির জেরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকাল থেকে বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেল। সকাল পৌনে ১০টা নাগাদ আন্দোলনরত চিকিৎসকেরা টিকিট কাউন্টার বন্ধ করে দেন। ফলে দূরদূরান্ত থেকে আসা বহু রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। তবে জরুরি বিভাগে পরিষেবা স্বাভাবিক রয়েছে।
হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ হয়। কয়েকজন আহত হওয়ার পর চিকিৎসকদের নিরাপত্তা-সহ চার দফা দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়।
বহির্বিভাগ বন্ধের খবর ছড়িয়ে পড়তেই রোগী ও তাঁদের স্বজনেরা বিক্ষোভ দেখান। দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসক, নার্স, প্রশাসন ও পুলিশকে নিয়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
