September 11, 2026

জমজমাট টরন্টো চলচ্চিত্র উৎসব

তারকা, নির্মাতা ও সিনেমাপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে কানাডার টরন্টো। স্থানীয় সময় বৃহস্পতিবার শুরু হয়েছে ৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)। অস্কারজয়ী নির্মাতা শান হেডারের ‘বিয়িং হিউম্যান’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারের মধ্য দিয়ে শুরু হওয়া উৎসব চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের অফিশিয়াল সিলেকশনে রয়েছে ২৯৩টি চলচ্চিত্র।

উদ্বোধনী ছবিতে মার্কিন প্রতিবন্ধী অধিকারকর্মী জুডি হিউম্যানের জীবন ও আন্দোলন তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রথম দিনেই প্রদর্শিত হয়েছে থিও রিসের ‘স্টাফড’, মেগান রাপিনোকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘রাপিনো’ এবং কানজয়ী নির্মাতা ক্রিস্তিয়ান মুঞ্জিউর ‘ফিয়র্ড’। এবারের উৎসবে স্বাধীন ও আন্তর্জাতিক চলচ্চিত্রের পাশাপাশি নতুন নির্মাতাদের কাজেও গুরুত্ব দেওয়া হয়েছে। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ব্যবসায়িক প্ল্যাটফর্ম ‘টিআইএফএফ: দ্য মার্কেট’ চালু করেছে আয়োজকরা।

বাংলাদেশের জন্যও এবারের উৎসব বিশেষ গুরুত্বপূর্ণ। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সেন্টারপিস বিভাগে নির্বাচিত হয়েছে। ছবিটির নর্থ আমেরিকান প্রিমিয়ার হবে টরন্টোতে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলা উৎসবে আরও বেশ কিছু আলোচিত ছবির প্রিমিয়ার হবে। শেষ দিকে দর্শকের ভোটে দেওয়া পিপলস চয়েস অ্যাওয়ার্ড ঘিরেও রয়েছে বিশেষ উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *