September 15, 2026

হাসিনা-কাদেরসহ অভিযুক্তদের হস্তান্তরে ভারতের প্রতি আহ্বান বাংলাদেশের

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সহজ ও কার্যকর করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য ব্যক্তিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা গুরুত্বপূর্ণ শর্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ যেমন শেখ হাসিনাকে ফেরত চায়, তেমনি ওবায়দুল কাদেরসহ অন্যদের ক্ষেত্রেও একই অবস্থান রয়েছে এবং ভারত সরকারের এ বিষয়টি বিবেচনা করা উচিত। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান জানান, দুই দেশের কার্যকর যোগাযোগ ও সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা এবং অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতীয় পক্ষকে জানানো হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ‘ওয়ার্কিং এনগেজমেন্ট’ আরও এগিয়ে নিতে ভারতকে এসব বিষয় বিবেচনা করা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *