September 21, 2026

স্বাস্থ্যসেবার সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারের বড় সাফল্য অনেকাংশে স্বাস্থ্যখাতের উন্নয়নের ওপর নির্ভর করছে এবং এ কারণে সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সোমবার ঢাকার মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারভেনশনাল পালমোনোলজি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী যেসব হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেসব প্রতিষ্ঠানে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতেও সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন আইসিইউতে ৪০টি শয্যা যুক্ত হয়েছে, যা দীর্ঘ ২১ বছর পর হাসপাতালটির নিবিড় পরিচর্যা সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া সভাপতিত্ব করেন। এ সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *