পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের
নাগোয়ার কারোগি স্পোর্টস পার্কে দর্শকদের জন্য নেই গ্যালারি। এর মধ্যেও জ্যোতিদের খেলা দেখতে এসেছিলেন বাংলাদেশি কয়েকজন প্রবাসী। পাকিস্তানের বিপক্ষে ব্রোঞ্জ লড়াইয়ের ম্যাচে হতাশ হয়েই ফিরতে হয় তাদের। পাকিস্তানের বিপক্ষে ৩১ রানে হেরেছে বাংলাদেশ।
এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের সম্ভাবনা ছিল নারী ক্রিকটে। হাংজু এশিয়ান গেমসে জ্যোতিরা পাকিস্তানকে হারিয়েই ব্রোঞ্জ জিতেছিল। এবার সেই পদক হাতছাড়া হয়েছে। নারী এশিয়া কাপে বাংলাদেশ ভালো পারফরম্যান্স করতে পারেনি। এশিয়ান গেমসেও সেই ব্যর্থতার চিত্রই দেখা গেল।
র্যাংকিংয়ে এগিয়ে থাকায় বৃষ্টি হলেও চীনকে হারিয়ে জ্যোতিরা সেমিফাইনালে উঠে। এরপর ভারতের কাছে ১১৪ রানে হেরে পাকিস্তানের বিপক্ষে ব্রোঞ্জের লড়াইয়ে নামে বাংলাদেশ। এই ম্যাচেও হতশ্রী পারফরম্যান্স। ৭ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি করতে পারেনি টাইগ্রেসরা।
আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪৬ রান খুব বড় সংগ্রহ নয়। দিন দুয়েক আগেই শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে ১৭০ রানের বেশি তাড়া করে জিতেছে। এই ভেন্যুতেই এশিয়ান গেমসে নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করেছেন ভারতের শেফালি ভার্মা। অন্য দলের ব্যাটাররা রান করলেও জ্যোতিদের ব্যাট হাসছে না।
