September 30, 2026

সুপারিশের পরও নিয়োগপত্র নেই, অনশনে প্রার্থীরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপত্রের দাবিতে ময়মনসিংহ ও জামালপুরে অনশন করেছেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। বুধবার দুই জেলায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন তাঁরা। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

ময়মনসিংহে নিয়োগের তালিকায় নাম না থাকা ২২ জনের মধ্যে ১১ জন অনশনে বসেন। তাঁদের দাবি, গোয়েন্দা প্রতিবেদনের কথা বলে নিয়োগ আটকে রাখা হয়েছে। তাঁরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা ফৌজদারি মামলায় যুক্ত নন দাবি করে পুনরায় যাচাই করে নিয়োগপত্র দেওয়ার আহ্বান জানান।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ময়মনসিংহে ২৫৯ জন চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ পেয়েছিলেন। তাঁদের মধ্যে ২১৯ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। ২২ জনের নিয়োগ এখনো স্থগিত রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই তাঁদের নিয়োগ স্থগিত রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিষয়টি নিয়ে কাজ চলছে।

অন্যদিকে, জামালপুরে দ্বিতীয় দিনের মতো অনশনে বসেছেন নিয়োগপত্র না পাওয়া ৫১ জন প্রার্থী। জেলার ১৩৬ জন সুপারিশপ্রাপ্তের মধ্যে প্রথম ধাপে ৮৪ জন এবং পরে আরও একজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হচ্ছে। ১ অক্টোবর পর্যন্ত প্রক্রিয়া চলবে। এরপর বাদ পড়া প্রার্থীদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *