৭ নভেম্বর সাধারণ ছুটি, দুর্গাপূজার ছুটি ৫ দিন
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতি বছর সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা।
সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিসভায় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিন ছুটির প্রস্তাব অনুমোদন হয়েছে। ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিনের ছুটি থাকবে।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক চিঠিতে বিষয়টি জানায়। এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। পরবর্তীতে ২৩ অক্টোবর থেকে পূর্বের সময়সূচি বহাল থাকবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, সোমবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর। আগের নির্দেশনায় শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম ছিল।
