মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক-পুলিশ সং*ঘর্ষ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। মঙ্গলবার সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হলে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সকাল সাড়ে আটটা থেকে নাওজোড়, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও ছয়দানা কলম্বিয়া এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে দুই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও দূরপাল্লার পরিবহনের যাত্রীরা।
পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়ার ঘটনা ঘটে। পরে বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রীপুরের সিএনবি বাজার এলাকায় নতুন করে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল পৌনে পাঁচটার দিকে ওই মহাসড়কেও যান চলাচল শুরু হয়।
এদিকে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক আহত হয়েছেন। বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার সকালে নতুন করে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সব মিলিয়ে শিল্পাঞ্চলে ৫৬টি কারখানা বন্ধ রয়েছে।
