November 23, 2026

Khabar BD

Bangladesh Updates

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে আজ সারা দেশে উদযাপিত হচ্ছে মহান সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে আজ শনিবার (২১ নভেম্বর) সকালে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহিদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁরা ঢাকা সেনানিবাসের ‘শিখা অনির্বাণে’ পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে, শনিবার ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

মহান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধান। সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে সরকারপ্রধানের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং কুশল বিনিময় করেন। সংবর্ধনা অনুষ্ঠানে ৭ জন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করেছিলেন। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *