ঢাকায় বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফ*তার
ঢাকার এক সময়ের শীর্ষ সন্ত্রাসী শেখ আসলামকে গ্রেফতার করা হয়েছে, যিনি সুইডেন আসলাম নামে বেশি পরিচিতি। গতকাল রোববার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।আজ সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। ইমিগ্রেশন কাউন্টারে গেলে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, ‘মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সুইডেন আসলামকে আটক করে আমাদের হাতে তুলে দেয়। আমরা অনেক দিন ধরে তাকে খুঁজছিলাম। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।’
উল্লেখ্য, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত এই গ্যাংস্টার দীর্ঘদিন কারাগারে ছিলেন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেফতার হয়ে প্রায় ১৯ বছর কারাভোগ করেন আসলাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।
