মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার
মিস ইউনিভার্সের মুকুট জিতলেন এক মা। ৭৫তম আসরে বিশ্বের ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নিয়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। বুধবার বাংলাদেশের সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর পুয়ের্তো রিকোর মায়াগুয়েজে জন্ম জেনিফারের। মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রির পাশাপাশি মনোবিজ্ঞান ও সমাজকর্মে দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। পারিবারিক সহিংসতা প্রতিরোধ, শিশু সুরক্ষা ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সেনাবাহিনীর ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামের মাধ্যমে কর্মজীবন শুরু করেন জেনিফার। সেখানে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা করতেন। তাঁর স্বামী ইয়ান কার্লোস বারেত্তো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মরত। ২০১৯ সালে তাঁদের কন্যাসন্তান পেনেলোপের জন্ম হয়।
একসময় সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ভাবেননি জেনিফার। পরে পরিবারের উৎসাহে এই মঞ্চে আসার সিদ্ধান্ত নেন। ২০২৬ সালের জুনে ৩৪ প্রতিযোগীকে পেছনে ফেলে জেতেন মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোর মুকুট। দেশটির হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রথম বিবাহিত নারী তিনি।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। পরের বছর তুলে দেওয়া হয় বয়সের ঊর্ধ্বসীমাও। এবারের আসরে সাতজন মা অংশ নিলেও শেষপর্যন্ত বিজয়ী হয়েছেন জেনিফার।
