বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা ইফতার করবেন একসঙ্গে
মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান মাস চলছে। এর মধ্যেই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে গতকাল পাকিস্তানকে সহজেই হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
তবে আজ বৃহস্পতিবার সিরিজের বিরতির দিন, এইদিন বাংলাদেশ ও পাকিস্তানের দুই দলের ক্রিকেটাররা একসঙ্গে ইফতার করবেন। বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল খান এমনটি নিশ্চিত করেছেন।
নাফিস বলেন, ‘আজ দুই দলের ইফতার একসঙ্গে করার ব্যবস্থা করা হয়েছে।’ তবে এতে অবশ্য বাধ্যবাধকতা নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘এটাতে বাধ্যবাধকতা নেই। যদি কেউ চায় আলাদা বা বাসায় গিয়ে পরিবারের সঙ্গে ইফতার করতে চায় করতে পারবেন।’
গতকাল মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। নাহিদ রানার বোলিং তোপে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটাই কম রান দলীয় হিসেবে। পরে তানজিদ হাসান তামিমের ঝড়ো ফিফটিতে ১৫.১ ওভারেই জয় পায় বাংলাদেশ। এতে করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা।
