February 18, 2026

মুরগির দাম ২০০ টাকা ছাড়াল রাজধানীতে

পবিত্র রমজান মাস শুরু হচ্ছে আগামীকাল। এর আগেই বাজারে বেড়ে গেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। আজ বুধবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের প্রোটিনের উৎস হিসেবে খাসি বা দামি মাছ তুলনামূলক কম খান। এর পরিবর্তে তাদের কাছে সহজলভ্য হচ্ছে ব্রয়লার মুরগি।

বাজারে দিন পনেরো আগে থেকে ব্রয়লার মুরগির দাম বাড়তে থাকে। এর আগে প্রতি কেজি ব্রয়লারের দাম ছিল ১৬০-১৭০ টাকা। কিন্তু শবে বরাতের সময় থেকে ব্রয়লার মুরগির দাম বাড়তে থাকে।তিন-চার দিন আগেও ১৮০-১৯০ টাকায় কেনা যেত এক কেজি ব্রয়লার মুরগি। আর সোনালি মুরগির কেজি ছিল ২৯০-৩১০ টাকা। অর্থাৎ এই সময়ের মধ্যে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০-৩০ টাকা এবং সোনালি মুরগির দাম কেজিতে ৩০-৪০ টাকা বেড়েছে।

ব্যবসায়ীরা জানান, প্রতিবছর রোজার শুরুতে ব্রয়লার মুরগির চাহিদা বাড়ে। এ কারণে সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়। এতে মুরগির দামও বাড়ে। সাত-আট রোজার পর দাম আবার আগের পর্যায়ে চলে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *