February 25, 2026

শিক্ষামন্ত্রীর নিজের এলাকার কিশোররা রাতে ঘোরাফেরা করলে জিজ্ঞাসাবাদের নির্দেশনা

শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন বলেছেন, রাতে কিশোরদের অযাচিতভাবে ঘোরাফেরা দেখলে জিজ্ঞাসাবাদ করার নির্দেশনাটি সংসদ সদস্য (এমপি) হিসেবে নিজের নির্বাচনী এলাকার (চাঁদপুরের কচুয়া) জন্য দিয়েছেন, সারা দেশের জন্য নয়।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং মাদ্রাসার অষ্টম শ্রেণি ও পঞ্চম শ্রেণির (ইবতেদায়ি) ও কারিগরির বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আজ বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

সন্ধ্যার পর রাস্তায় ঘোরাফেরা করলে জিজ্ঞাসাবাদের বিষয়ে করা প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিষয়টি আমি ন্যূনতম এক হাজারবার (বলেছি), আমার নির্বাচনী এলাকায় যখন প্রচার করতাম, তখন আমার কমিটমেন্ট আমি কচুয়ার জন্য বারবার বলতাম যে যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার এখানে ১২ তারিখ (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা এক মিনিট থেকে মাদক বন্ধ হতে হবে, ইভ টিজিং বন্ধ হতে হবে, সন্ত্রাস বন্ধ হতে হবে। সারা রাত রাস্তাঘাটে ঘোরাফেরা করা—এটা বন্ধ হতে হবে। এটা আমি এক হাজারবার বলেছি, বলে আসছি, আমার বলা চলছে। এটা আমার কচুয়াকেন্দ্রিক।’

এহছানুল হক মিলন বলেন, ‘আমি মন্ত্রী হওয়ার পর কচুয়া উপজেলায় প্রশাসনকে ডেকে বলেছি, ওসি সাহেব, এটা সাংবিধানিকভাবে ঠিক না। তবে কচুয়ার অভিভাবকদের সঙ্গে নিয়ে কেউ যদি রাস্তায় ঘোরাফেরা করে, তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিভাবকদের বলবেন। এটি হচ্ছে আমার নির্বাচনী এলাকায় আমার কমিটমেন্ট। সারা বাংলাদেশে কী হবে, সে ঘোষণা তো আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে দিইনি।’ শিক্ষামন্ত্রী বলেন এটি সংসদ সদস্য হিসেবে তাঁর নির্বাচনী এলাকার জন্য দেওয়া অঙ্গীকার, কচুয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *