March 10, 2026

এবার থেকে ৭ নম্বরে ব্যাটিং করবেন মেহেদী হাসান মিরাজ

ওপেনিং থেকে একেবারে ৯ নম্বর পর্যন্ত—ওয়ানডেতে বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করেছেন সব জায়গাতেই। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৪ ম্যাচ খেলেছেন আট নম্বরে। এই জায়গাতে নেমে সেঞ্চুরিও আছে তাঁর। বিভিন্ন সময় অধিনায়কদের চাওয়ায় ব্যাটিং অর্ডারে রদবদল হয়েছে মিরাজের।

এক বছর ধরে মিরাজ নিজেই ওয়ানডে অধিনায়ক। তবু ব্যাটিং অর্ডারে কোনো নির্দিষ্ট জায়গা নেই তাঁর। সর্বশেষ পাঁচ ম্যাচে তিনি ব্যাট করেছেন তিনটি ভিন্ন জায়গায়। তবে এ বছর ২২ ওয়ানডের লম্বা যাত্রায় ব্যাটিংয়ে নিজের ভূমিকা ঠিক করে নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে মিরাজ নিজেই জানিয়েছেন, এখন থেকে সাত নম্বরে ব্যাট করবেন তিন। তার আগে এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেছেন, ‘আমি এটা নিজেই উপলব্ধি করেছি, আমার ব্যাটিংটা কোন জায়গায় সবচেয়ে বেশি প্রভাব রাখবে দলের জন্য। যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে, আমি প্রায় ৮-৯ বছর আট নম্বরে খেলেছি। ওখান থেকে বোলারদের নিয়ে অনেক ম্যাচ জিতিয়েছি, এ রকম অনেক ইনিংসই আছে।’

সাত নম্বরে ব্যাট করায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে মিরাজ বলেন, ‘যেহেতু আমার অভিজ্ঞতা আছে বোলারদের সঙ্গে খেলার, আমি যদি সাত নম্বরে ব্যাটিং করি, এটা দলকে অনেক সাহায্য হবে। আমি টপ অর্ডারেও ব্যাটিং করেছি অনেক, হয়তো অনেক রান পেয়েছি, তবে অনেক সময় বাংলাদেশ দল জেতেনি। আমার মনে হয় যে এটা (৭ নম্বর) একটা সঠিক জায়গা আমার জন্য এবং দলেরও অনেক সাহায্য হবে।’

মিরাজের ব্যাটিং অর্ডার থিতু হওয়ার পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে বদল দেখা যাবে আরও কিছু। লিটনকে পাঁচে খেলিয়ে যেমন ছয় নম্বরে আফিফ হোসেনকে চেষ্টা করে দেখা। বিসিএল অল স্টারস একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও এমন ব্যাটিং অর্ডারই দেখা গেছে। টপ অর্ডারের পর নাজমুল হোসেন আর তাওহিদ হৃদয়ের ওপরই ভরসা রাখতে চাইছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *