April 4, 2026

ভদ্রাবতী নদীর তীরে শতবর্ষী ‘বউ মেলায়’ নারীদের ভিড়

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভদ্রাবতী নদীর তীরে ‘বউমেলা’ ঘিরে জমে উঠেছে বারুহাঁস বাজার এলাকা। চৈত্রের গরম উপেক্ষা করে আজ শনিবার সকাল থেকে এ মেলায় নারী, শিশু ও কিশোরীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।

গতকাল শুক্রবার প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী বারুহাঁস মেলা অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে এটি ‘ভদ্রাবতী মেলা’ বা ‘ভাদাই মেলা’ নামে পরিচিত। পাশ দিয়ে বয়ে যাওয়া ভদ্রাবতী নদী স্থানীয় লোকদের কাছে ‘ভাদাই’ নামে পরিচিত হওয়ায় মেলার এমন নামকরণ। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

স্থানীয় লোকজনের ভাষ্য, চৈত্রের পূর্ণিমা উপলক্ষে বারুহাঁসের জমিদার পরিবারের উদ্যোগে চলনবিল অঞ্চলে এ মেলার সূচনা। সেই ঐতিহ্য ধরে এখনো নিয়মিত আয়োজন হচ্ছে। বারুহাঁস মেলার ঠিক পরদিন বউমেলার মধ্য দিয়ে শেষ হয় বার্ষিক এই আয়োজন। এর মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।

তাড়াশ উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে বারুহাঁস গ্রামের অবস্থান। বউমেলায় নারীরা সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র, প্রসাধনী ও শিশুদের খেলনা কিনতে ভিড় করেন। এ উপলক্ষে অনেক বাড়িতে আত্মীয়স্বজনের আগমন ঘটে।

মেলায় আসা হাফিজুর রহমান বলেন, মেলা উপলক্ষে তিনি শ্বশুরবাড়িতে এসেছেন। আজ স্ত্রী-সন্তান ও স্বজনদের নিয়ে বউমেলায় ঘুরতে পেরে ভালো লাগছে। মেলায় আসা তিন নারী জানান, তাঁরা মেয়েদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পাশাপাশি সংসারের দরকারি সামগ্রীও কিনছেন। বছরের এই দিনটি তাঁদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *