সৌদি রুটে ঢাকা থেকে ১৪৪ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২২ হাজার যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতি হামলার পর থেকে বাংলাদেশ-সৌদি আরব রুটে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। একের পর এক ফ্লাইট স্থগিত হওয়ায় প্রবাসী কর্মী, ব্যবসায়ী ও ওমরাহযাত্রীসহ বিভিন্ন শ্রেণির যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এখন পর্যন্ত ১৪৪টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২১ জন যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থগিত ফ্লাইটের মধ্যে ৬৭টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইন্সের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮টি, সৌদিয়ার ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট স্থগিত হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট স্থগিত হয়েছে।
ফ্লাইট স্থগিতের কারণে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় রয়েছেন কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরবগামী প্রবাসী কর্মীরা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে তাঁদের কর্মস্থলে যোগদান ও আর্থিক বিষয়ে জটিলতা তৈরি হতে পারে। একই সঙ্গে ওমরাহযাত্রী ও ব্যবসায়ীদেরও ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে।
এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় এয়ারলাইন্সগুলোর কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিকল্প ফ্লাইটের ব্যবস্থা, টিকিটের তারিখ পরিবর্তন ও অর্থ ফেরতের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়ার পাশাপাশি যাত্রীদের নিয়মিত হালনাগাদ তথ্য সরবরাহ করা প্রয়োজন।
