অনশনের পর ২০ প্রার্থীর নিয়োগপত্র, বঞ্চিত দুজন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবিতে দিনভর অনশনের পর ২২ জন প্রার্থীর মধ্যে ২০ জন নিয়োগপত্র পেয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টার পর তাঁদের নিয়োগপত্র দেওয়া হয়। তবে অনশনে থাকা আরও দুজন এখনও নিয়োগপত্র পাননি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গিয়েছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর ফলাফলে ময়মনসিংহ জেলায় ২৫৯ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় ১৮ জন বাদ পড়েন। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগপত্র দেওয়া হলেও ২২ জনের নিয়োগ স্থগিত ছিল।
এই ২২ জন গতকাল দিনভর ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনশন করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পর রাত ১২টার পর ২০ জনের নিয়োগপত্র জারি করা হয়। ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ২০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। বাকি দুজনের বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
নিয়োগপত্র পাওয়া প্রার্থীদের একজন কাজী অনিক জানান, প্রাথমিক বিদ্যালয়ে চাকরির আশায় তিনি গণপূর্ত অধিদপ্তরের নকশাকার পদে যোগ দেননি। নিয়োগপত্র পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বৃহস্পতিবার যোগদানের কথা জানান।
অন্যদিকে নিয়োগপত্র না পাওয়া জাহিদ হাসান ও মাশরুর হাসান জানিয়েছেন, তাঁদের বাদ দেওয়ার কারণ তাঁরা জানতে পারেননি। জাহিদ বলেন, তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই এবং তিনি কোনো রাজনৈতিক দলের পদধারীও ছিলেন না। মাশরুরের দাবি, তাঁর উপজেলায় তিনিই একমাত্র নিয়োগবঞ্চিত প্রার্থী। দুজনই বিষয়টি খোলসা করার দাবি জানিয়েছেন।
