March 31, 2026

স্কুল সময়ের যানজট কমাতে বিকল্প ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে যানজট কীভাবে নিরসন করা যায়, সে বিষয়ে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করেন। এ সময় এমন নির্দেশ দেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী সাক্ষাৎ করেছেন। রাজধানীতে স্কুলের সময়ে যেভাবে যানজট হয় তা কীভাবে নিরসন করা যায় এবং এ ব্যাপারে বিকল্প ব্যবস্থা কী কী হতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে মন্ত্রণালয়কে প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করতে বলেছেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, উদাহরণ হিসেবে দেখা গেছে, রাজধানীর একটি স্কুলে দেড়শ শিক্ষার্থীর জন্য একশ গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে বেগ পেতে হয়। এই সমস্যাগুলো অ্যাড্রেস করে প্রধানমন্ত্রী বিকল্প খুঁজতে মন্ত্রীকে পরামর্শ দিয়েছেন।

শিক্ষামন্ত্রীর পর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। পরে নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *