November 16, 2026

Khabar BD

Bangladesh Updates

চায়ের আড্ডায় জমে যাবে মিষ্টি আলুর ডিম চপ, রইল সহজ রেসিপি

বিকেলের চায়ের সঙ্গে মুচমুচে চপ খেতে কে না ভালোবাসেন! তবে প্রতিদিনের আলুর চপ বা সাধারণ ডিম চপের বদলে এবার স্বাদে আনুন একটু নতুনত্ব। মিষ্টি আলু দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু ডিম চপ। রেসিপিও সহজ।

উপকরণ

মাঝারি আকারের মিষ্টি আলু ৪-৫টি

পেঁয়াজকুচি ১ টেবিল চামচ

আদাগুঁড়ো আধা চা-চামচ

রসুনগুঁড়ো আধা চা-চামচ

কাঁচা মরিচকুচি ২-৩টি

মরিচগুঁড়ো আধা চা-চামচ

জিরাগুঁড়ো আধা চা-চামচ

ধনেগুঁড়ো আধা চা-চামচ

নুন স্বাদমতো

ধনেপাতাকুচি ২ টেবিল চামচ

ডিম ৩টি

ময়দা ১ কাপ

সেমাই ১ কাপ

পানি পরিমাণমতো

তেল ভাজার জন্য

প্রণালী

প্রথমে মিষ্টি আলুগুলি ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এরপর একটি পাত্রে নিয়ে মসৃণ করে চটকে নিন। এবার এর মধ্যে পেঁয়াজকুচি, আদাগুঁড়ো, রসুনগুঁড়ো, কাঁচা মরিচ, মরিচগুঁড়ো, জিরাগুঁড়ো, ধনেগুঁড়ো, নুন ও ধনেপাতাকুচি দিয়ে ভালোভাবে মেখে নিন।

অন্যদিকে, ডিমগুলি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে রাখুন। এবার হাতে সামান্য তেল মেখে মিষ্টি আলুর মিশ্রণ থেকে কিছুটা নিয়ে চ্যাপটা করে নিন। মাঝখানে অর্ধেক সেদ্ধ ডিম রেখে চারপাশ থেকে মিষ্টি আলুর মিশ্রণ দিয়ে ঢেকে চপের আকার দিন। একইভাবে বাকি চপগুলিও তৈরি করে নিন।

এবার একটি পাত্রে ময়দা নিয়ে পরিমাণমতো পানি মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন। অন্য একটি পাত্রে সেমাই ছড়িয়ে রাখুন। প্রতিটি চপ প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে নিয়ে সেমাইয়ের মধ্যে গড়িয়ে ভালোভাবে কোট করে নিন।

সবশেষে কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে চপগুলি ছেড়ে দিন। উল্টেপাল্টে সুন্দর সোনালি রং এবং মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর তেল ঝরিয়ে তুলে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু মিষ্টি আলুর মুচমুচে ডিম চপ। গরম গরম পরিবেশন করুন টমেটো সস বা কাসুন্দির সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *