April 10, 2026

ভারী বৃষ্টিতে দিশাহারা তরমুজ চাষিরা

মো. ইয়াসিন প্রতিবছর তরমুজ চাষ করেন। এবার তিনি তিন কানি জমি (সাড়ে চার একর) বন্ধক নিয়ে তরমুজ আবাদ করেন। বিভিন্ন এনজিও থেকে ঋণ এবং স্ত্রীর স্বর্ণালংকার বন্ধক রেখে প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ করেছেন। তিনি আশা করেছিলেন, তরমুজ চাষে বেশ ভালোই লাভ হবে। কিন্তু পরিবহন ও ক্রেতাসংকটে সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী গ্রামে ইয়াসিনের বাড়ি। তাঁর খেতে বিক্রির উপযোগী হাজারো তরমুজ পড়ে আছে। ব্যবসায়ী না আসায় সেগুলো বিক্রি হচ্ছে না। এর মধ্যে টানা দুই দিনের মাঝারি বৃষ্টিতে খেতে পানি জমে তরমুজ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখন লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

আক্ষেপের সুরে ইয়াসিন বলেন, ‘বৃষ্টি না হলে আমার খেতের তরমুজ ১২-১৫ লাখ টাকায় বিক্রি হতো। কীভাবে ঋণের টাকা শোধ করব জানি না। প্রতি মাসে ২০ হাজার টাকার কিস্তি দিতে হয়।’ ইয়াসিনের মতো উপজেলার শত শত তরমুজ চাষি একই সংকটে পড়েছেন। বড় ব্যবসায়ীরা খেত থেকে তরমুজ কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। কিন্তু এ বছর জ্বালানি তেলের সংকটের কারণে তাঁরা তেমন আগ্রহ দেখাচ্ছেন না। ট্রাকভাড়া ৩৫ হাজার টাকা থেকে বেড়ে ৫০ হাজার টাকায় পৌঁছেছে। এ কারণে ব্যবসায়ীরা আসছেন না। এর মধ্যে খেতে বৃষ্টির পানি জমে তরমুজ নষ্ট ও গাছ মরে যাওয়ার উপক্রম হয়েছে।

জেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বরগুনায় ১২ হাজার ৩২৪ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৬ হাজার হেক্টর জমি সদর উপজেলায়। এখনো জেলায় তরমুজের বেচাকেনা শুরু হয়নি। টানা বৃষ্টি অব্যাহত থাকলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার লাকুরতলা, লতাকাটা, বানাই ও পরীরখাল এলাকায় দেখা গেছে, চাষিরা শ্যালোমেশিন দিয়ে খেত থেকে পানি সরানোর চেষ্টা করছেন। কেউ নালা কেটে পানি নামাচ্ছেন, কেউ পানিতে ডুবে থাকা তরমুজ তুলে শুকনা স্থানে রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *