May 22, 2026

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি বিভাগে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আরও বলা হয়, এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

পরবর্তী দুই দিনের পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দেশের অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী দুই দিনে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ১৩০ মিলিমিটার রেকর্ড করা হয়েছে রংপুরে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুরে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *