August 3, 2026

আগস্টে তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, জানাল আবহাওয়া অধিদপ্তর

জুলাই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড হলেও আগস্টে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চলতি মাসে দেশের বিভিন্ন এলাকায় এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির আগস্ট মাসের পূর্বাভাস অনুযায়ী, উজান থেকে নেমে আসা ঢল এবং দেশের অভ্যন্তরে ভারী বর্ষণের কারণে কিছু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে অন্তত একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

জুলাই মাসে ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের সব বিভাগেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গত ৮ জুলাই চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগস্টে দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৩৬ থেকে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় হতে পারে। সেপ্টেম্বর ও অক্টোবরেও বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি এবং বজ্রপাতের প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *