কে হচ্ছেন বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিব ?
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার আলোচনা সামনে আসায় দলটির মহাসচিব পদে পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ অবস্থায় ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।
বাংলাদেশের ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় একাধিক সূত্রের বরাতে জানা গেছে, তিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারেন। আর প্রার্থী হলে আইনি বাধ্যবাধকতার কারণে মির্জা ফখরুলকে দলীয় পদ ছাড়তে হতে পারে। ফলে পরবর্তী জাতীয় কাউন্সিল না হওয়া পর্যন্ত দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগের প্রয়োজন হবে।
দলের সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বিভিন্ন রাজনৈতিক সংকটে বিএনপির মুখপাত্র হিসেবে সক্রিয় ভূমিকার কারণে রুহুল কবির রিজভী দলের শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হিসেবে পরিচিত। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে তার নাম নিয়েই নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা বেশি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বের জন্য স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এবং মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নামও আলোচনায় রয়েছে।
নিজের সম্ভাব্য দায়িত্বের বিষয়ে রুহুল কবির রিজভী জানান, রাষ্ট্রপতি প্রার্থী বা ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার বিষয়ে তার কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। দলের পক্ষ থেকে এ নিয়ে তার সঙ্গে কেউ আলোচনা করেননি।
রুহুল কবির রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও ইতিহাসে স্নাতকোত্তর এবং আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। পরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি নির্বাচিত হন রিজভী। পরবর্তীতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন। দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড সমন্বয় করেছেন তিনি।
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময় পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও প্রায় এক দশক ধরে নতুন কাউন্সিল হয়নি।
দলীয় সূত্রের দাবি, আগামী ডিসেম্বরের মধ্যে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই কাউন্সিলেই দলের পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচন করা হতে পারে। এর আগে পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিবের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম চালানোর সম্ভাবনা রয়েছে।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। আগামী ১২ আগস্ট এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আলোচনা রয়েছে।
২০১৬ সাল থেকে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ আগস্ট।
সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচনে এগিয়ে থাকবেন বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।
