পদপ্রত্যাশী হিসেবে প্রচারণা না চালানোর অনুরোধ রাষ্ট্রদূত মুশফিকের
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে নিজেকে ‘বিকল্প’ হিসেবে তুলে ধরে প্রচারণা চালানোয় বিব্রত ও বিরক্তি প্রকাশ করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি শুভাকাঙ্ক্ষীদের এমন প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানান। তিনি বলেন, বর্তমান প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব, ডেপুটি ও সহকারী প্রেস সচিবরা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড, নেতৃত্ব ও ভাবমূর্তি তুলে ধরতে আন্তরিকভাবে কাজ করছেন। তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের পরিচয় ও কাজের অভিজ্ঞতাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। মুশফিকুল ফজল আনসারী বলেন, বর্তমান টিমের আরও ভালো করার সুযোগ থাকতে পারে, তবে নতুন কোনো টিম এলেই সবকিছু ভালো হবে—এমন নিশ্চয়তাও নেই। তাই তাকে কোনো পদপ্রত্যাশী হিসেবে উপস্থাপন করে প্রচারণা চালালে তা কর্মরত ব্যক্তিদের অস্বস্তিতে ফেলতে ও ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, পদ-পদবি দায়িত্ব পালনের একটি ক্ষেত্র হলেও দেশসেবার একমাত্র পথ নয়। অতীতে কোনো রাষ্ট্রীয় পদে না থেকেও তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও ফ্যাসিবাদমুক্ত ভবিষ্যতের পক্ষে দেশ-বিদেশে কাজ করেছেন বলেও উল্লেখ করেন।
