ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারীদের জন্য ‘পিংক বাস’ চালু
ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি রুটে নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই এই বাস সার্ভিস চালু করল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গতকাল মঙ্গলবার ঢাকার তেজগাঁওয়ে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
ঢাকায় মতিঝিল বাস ডিপোর অধীনে নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল এবং তালতলা-মতিঝিল রুটে বাসটি চলবে। নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল রুটে কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে। তালতলা-মতিঝিল রুটে তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে চলাচল করবে।
যাত্রাবাড়ী বাস ডিপোর অধীনে ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে চলবে একটি বাস। এ পথে ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত যাবে।
কল্যাণপুর বাস ডিপোর অধীনে মিরপুর-১০-মতিঝিল রুটে বাস চলবে। এ রুটে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে বাস।
এ ছাড়া মিরপুর বাস ডিপোর অধীনে মিরপুর-মতিঝিল এবং মিরপুর-১২-মতিঝিল রুটে বাস চলাচল করবে। মিরপুর-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস। অন্যদিকে মিরপুর-১২-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে চলবে।
মোহাম্মদপুর বাস ডিপোর অধীনে মোহাম্মদপুর-মতিঝিল রুটেও চলবে বিশেষ বাস। এ পথে মোহাম্মদপুর, শংকর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে চলাচল করবে।
জোয়ারসাহারা বাস ডিপোর অধীনে আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে চলবে বাস। এ রুটে আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে।
গাজীপুর বাস ডিপোর অধীনে গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস চলবে। গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে বাস।
রাজধানীর বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বারেক বিল্ডিং, ফ্রিপোর্ট ও কাটগড় হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে।
এরআগে অতীতে তিনবার চালুর পর বন্ধ হলেও আবার নতুন করে শুরু হল নারীদের জন্য বিশেষ বাসসেবা। চার বছর পর সেবাটি চালু হল ১৪টি বাস দিয়ে। নারী যাত্রীদের জন্য নির্ধারিত এই বাসের চালক ও কন্ডাক্টরও নারী। তাদের জন্য নির্ধারিত রয়েছে গোলাপি পোশাক।
১৯৯৮ সালে বিআরটিসি প্রথমবারের মতো নারী বাস সার্ভিস চালু করে। ২০০১ সালে এই সেবা ঢাকা ও আশপাশের এলাকায় সম্প্রসারণ করা হয়েছিল। এরপর প্রায় বন্ধ হয়ে যায় সেবাটি। ২০০৯ সালে আবার এই সেবা পুনরুজ্জীবিত করা হয়। তা ফের বন্ধ হয় ২০১৫ সালে। সর্বশেষ ২০১৮ সালে বিআরটিসির পাশাপাশি পরিবহন সংস্থা র্যাংগস ‘দোলনচাঁপা’ নামে নারী বাস সেবা শুরু করে। ২০২২ সালে তা বন্ধ হয়ে যায়।
উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নারী যাত্রীদের জন্য ১০০টি পিংক ইলেকট্রিক বাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন মাসে ৫০টি এবং ছয় মাসে পর্যায়ক্রমে ১০০টি ইলেকট্রিক বাস চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
