October 3, 2026

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন বাংলাদেশের জয়া বণিক

শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের শেরপুরের তরুণ শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী জয়া বণিক। শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শিক্ষার প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই বিশ্বমঞ্চে মনোনীত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় জয়া বণিকের নাম প্রকাশ করা হয়।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করা শিশু-কিশোরদের এ পুরস্কারটি দিয়ে থাকে নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, জয়া বণিক গত চার বছর ধরে শিশুদল অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করছেন। উপকূলীয় অঞ্চলে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে গ্রাম ও অনলাইন-দুই মাধ্যমেই সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছেন তিনি। তার উদ্যোগ ও প্রচেষ্টায় একাধিক বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন পরিবারকে শিশুদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে শিশু অধিকার বিষয়ে হাজারো মানুষের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন জয়া। সেখানেও শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বাড়ানোর বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় জয়া বণিক বলেন, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শিশুদের নিয়ে কাজ করতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *