August 20, 2026

২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরু, ক্লাস ২৩ সেপ্টেম্বর

আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলার প্রস্তাব করেছে শিক্ষা বোর্ডগুলো। ভর্তি কার্যক্রম শেষে ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরুর প্রস্তাবও করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, প্রস্তাবিত সময়সূচি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং আজ বৃহস্পতিবারের মধ্যে অনুমোদন পাওয়ার আশা করা হচ্ছে। এর আগে ১৫ সেপ্টেম্বর আবেদন শুরু ও ১২ নভেম্বর ক্লাস শুরুর পরিকল্পনা ছিল। এবারও এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থায় একাদশে ভর্তি হবে। কোনো ভর্তি পরীক্ষা হবে না। শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবেন। ফল, পছন্দক্রম ও প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় ভর্তির জন্য প্রতিষ্ঠান নির্ধারণ করা হবে।

প্রস্তাব অনুযায়ী, পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ১২ ও ১৩ সেপ্টেম্বর আবেদনের সুযোগ থাকবে। ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম এবং ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে। যারা পছন্দের প্রতিষ্ঠান পাননি বা নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি, তাদের জন্য পরবর্তী সময়ে আবেদনের সুযোগ দেওয়া হবে। এবার ১১টি শিক্ষা বোর্ডে ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন এসএসসি ও সমমান পরীক্ষার্থী ছিল। পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। বিপরীতে কলেজ ও মাদ্রাসায় ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *