কাজে যোগ দিয়েও উৎপাদনে অংশ নেননি শ্রমিকেরা, সাভারের ৫০ কারখানায় ছুটি ঘোষণা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে সাভার ও আশুলিয়ার ৫০টি কারখানায় শনিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কাজে যোগ দিতে এসেও শ্রমিকেরা কাজ না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে আরও ১১টি কারখানা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিতে এলেও অধিকাংশ জায়গায় কাজ স্বাভাবিক ছিল। তবে সকাল ৮টার পরিবর্তে ৭টায় কাজ শুরুর সিদ্ধান্তের প্রতিবাদে আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম ও শারমিন গ্রুপের শ্রমিকেরা কাজে যোগ দেননি। তাঁরা শুধু হাজিরা কার্ড পাঞ্চ করেন। পরে কর্তৃপক্ষ কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে।
এদিকে বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় উৎপাদন চালু থাকা একটি কারখানার সামনে শ্রমিকদের একটি দল অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
