August 21, 2026

নি*খোঁজের পর জুতার সূত্রে পুকুরে মিলল চার শিশুর ম*রদে*হ

ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চার শিশু নিখোঁজ হলে পুকুরপাড়ে শিশুদের পড়ে থাকা জুতার সূত্র ধরে পুকুর থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুরা হলো—খানপাড়া এলাকার আল আমিনের ছেলে ওজাইফা (১০), মুন্নার ছেলে আফসার (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে চার শিশুকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। এরপর পরিবারের সদস্যরা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করলে একে একে চার শিশুকে উদ্ধার করেন।

উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি মো. সবজেল হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *