August 25, 2026

বাংলাদেশে এসএসসি পরীক্ষার সময় দুই মাস পেছালো

আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হলো। ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারির বদলে আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে। লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। এরপর ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ করে নম্বর অনলাইনে পাঠাতে হবে।

সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়। পরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

চূড়ান্ত সূচি অনুযায়ী, ১৪ মার্চ বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। ১৬ মার্চ বাংলা দ্বিতীয় পত্র, ১৮ মার্চ ইংরেজি প্রথম পত্র এবং ২১ মার্চ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবশ্যিক গণিতের পরীক্ষা হবে ২৫ মার্চ। এরপর ৪ এপ্রিল রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ; ৮ এপ্রিল হিসাববিজ্ঞান এবং ১৩ এপ্রিল জীববিজ্ঞান ও অর্থনীতির পরীক্ষা হবে। ১৫ এপ্রিল ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষার মধ্য দিয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা আগামী ২২ এপ্রিলের মধ্যে শেষ করে নম্বর অনলাইনে পাঠাতে হবে।

এর আগে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত ১৪ মে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বছরের শুরুতেই পরীক্ষা আয়োজনের ঘোষণা দেন। পরে সম্ভাব্য সময়সূচিতে ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা জানানো হয়।

তবে জানুয়ারিতে পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। গত ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, অংশীজনের মতামত বিবেচনা করে প্রয়োজনে ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।

এরই ধারাবাহিকতায় শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের পাশাপাশি পবিত্র রমজান ও ঈদুল ফিতরের বিষয়টি বিবেচনায় নিয়ে মার্চে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

একসময় ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান এবং এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের রীতি ছিল। করোনা মহামারি এবং পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শিক্ষাপঞ্জিতে বড় ধরনের পরিবর্তন আসে। এর প্রভাব পড়ে পাবলিক পরীক্ষার সময়সূচিতে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুলাইয়ে শুরু হয়েছে। আগামী বছর এসএসসি পরীক্ষা মার্চে নেওয়ার সিদ্ধান্তের ফলে ধীরে ধীরে পরীক্ষা আয়োজনের সময় আগের ধারায় ফিরিয়ে আনার উদ্যোগের ইঙ্গিত মিলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *