নেপালের বন্যা-ধসে প্রাণ*হানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক, পাশে দাঁড়াবে বাংলাদেশ
নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি যেকোনো সহায়তায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমসহ প্রয়োজনীয় যেকোনো ক্ষেত্রে বন্ধুপ্রতীম দেশটির পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে সরকার।
বুধবার (২৬ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিতে নেপালের সরকার ও দুর্গত জনগণের প্রতি পূর্ণ সংহতি জানানো হয়। বিজ্ঞপ্তিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের সুস্থতা কামনা করা হয়েছে।
দুর্যোগ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে নেপালের সঙ্গে রয়েছে। সংকট মোকাবিলায় উদ্ধার তৎপরতা এবং ত্রাণ সহায়তায় যেকোনো ভূমিকা রাখতে ঢাকা প্রস্তুত।
মন্ত্রণালয় জানায়, নেপালের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবরে বাংলাদেশের মানুষ গভীরভাবে মর্মাহত। ভয়াবহ এই দুর্যোগে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে পর্যটকসহ অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে নেপালের মানুষের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ।
নেপালে সাম্প্রতিক আকস্মিক বন্যা ও ভূমিধসে ইতোমধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে। নদীর পানি বেড়ে যাওয়ায় নদীতীরবর্তী জনপদগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
