ঢাকায় টান মেরে ব্যাগ ছিনতাইয়ে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃ*ত্যু, দুইজন গ্রে*প্তার
চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন। গতকাল শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে তিনি রিকশায় হাসপাতালে যাচ্ছিলেন।
সকাল সাড়ে ৬টার দিকে রিকশাটি রাজধানীর সংসদ ভবন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে দুই ছিনতাইকারী তার ব্যাগ টান দেয়। এতে রনজিনা রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
এই হত্যা মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে ‘প্যারা পনি’ নামের ছিনতাইকারীকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাজধানীর বসিলা এলাকা থেকে ওই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।
