লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, সতর্ক আবহাওয়া অফিস
বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। এর মধ্যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমমধ্য ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। বৃহস্পতিবার রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। শুক্রবারও ময়মনসিংহ ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সিলেটসহ কয়েকটি বিভাগের কিছু এলাকায় এবং রোববার দেশের বিভিন্ন বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি কয়েক দিনে দেশের দিন ও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে, তবে আগামী পাঁচ দিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
