মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভা*ঙচুর, গ্রে*প্তার আরও দুই
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
রবিবার রাতে কেরানীগঞ্জের গুদারাঘাট থেকে শাহ আলী থানা-পুলিশ মো. মিন্টু (৩৫) ও মো. মিলনকে (৪০) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে স্বাস্থ্যকেন্দ্রের টিন, স্টিলের দরজাসহ লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ২৪ সেপ্টেম্বর রাতে মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে কেন্দ্রের ভবনগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে এ ঘটনায় আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া আসবাব, টিকা, নথিপত্র, ফ্রিজ, প্রিন্টার ও জেনারেটরসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। ঘটনায় নেতৃত্বদানকারী এবং ভাঙচুরে ব্যবহৃত এক্সক্যাভেটর সরবরাহকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষের দাবি, ঘটনায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
