নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস-অটোরিকশা চলাচল বন্ধ
নওগাঁয় বাসশ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের বিরোধের দ্বিতীয় দিনেও অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তঃজেলা রুটে বাস ও অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সোমবার সকালে শহরের বালুডাঙ্গা বাসটার্মিনালে বাস ও অটোরিকশা চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে যাত্রীরা ব্যাটারিচালিত ইজিবাইকে গন্তব্যে যাচ্ছেন। তবে পার-নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রমিক ও মালিকদের সূত্রে জানা যায়, শনিবার বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী তোলা নিয়ে এক অটোরিকশাচালকের সঙ্গে বাসচালক ও তাঁর সহকারীর কথা-কাটাকাটি হয়। পরে পত্নীতলার নজিপুরে বাসচালক রুবেল হোসেন ও তাঁর সহকারীকে মারধর করা হয়। আহত রুবেল নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এর প্রতিবাদে রবিবার থেকে নওগাঁ-রাজশাহী, নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ-জয়পুরহাট ও নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ করে মোটর শ্রমিক ইউনিয়ন। অটোরিকশা মালিক সমিতির দাবি, এ সময় প্রায় ২০টি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে।
যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ সুপারের সঙ্গে দুই পক্ষের নেতাদের বৈঠক হলেও এখনও কোনো সমাধান হয়নি। মোটর শ্রমিক ইউনিয়ন ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি এবং মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবি জানিয়েছেন।
