নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের মুখে ঝুঁকিপূর্ণ পার্বত্য অঞ্চলগুলোতে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের ভ্রমণ থেকে বিরত থাকার জরুরি আহ্বান জানিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের পরিস্থিতি বিবেচনায় যাত্রা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের সতর্কবার্তায় বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। সেখানে অবিরাম বর্ষণে ভূমিধস এবং তুষারপাতের কারণে বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চল ও যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা পরিচালনা করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
পরিস্থিতি পর্যালোচনায় স্থানীয় কর্তৃপক্ষ মানাংয়ের তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ট্রেকিং কার্যক্রম স্থগিত করেছে। একই সঙ্গে ভূমিধসের কারণে পোখারা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে যাতায়াত ব্যাহত হওয়ায় পর্যটকদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। মুস্তাং, জমসম এবং অন্যান্য পার্বত্য গন্তব্যে রওনা হওয়ার আগে গান্দাকি প্রদেশের সড়ক পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার ওপর জোর দিয়েছে দূতাবাস।
অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় ট্রেকিং বা ভ্রমণের পরিকল্পনা থাকলে নেপাল সরকারের স্থানীয় নির্দেশনা কঠোরভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে যেসব বাংলাদেশি নাগরিক দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থান করছেন, তাদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নদী তীরবর্তী এলাকা এড়িয়ে চলতে এবং ট্রাভেল অপারেটর ও দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে।
